জাতীয়

স্পিকারের পক্ষপাতের অভিযোগ, বিতর্কিত বিল পাসে বিরোধীদলের ওয়াকআউট

অনলাইন নিউজ ডেস্ক

জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’, ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ এবং ‘সম্পত্তি হস্তান্তর বিল’ পাসের প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। রোববার (৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলা অধিবেশন থেকে তারা বেরিয়ে যায়। দিনটিকে সংসদের জন্য ‘কালো দিন’ হিসেবে আখ্যায়িত করেছেন বিরোধীদলীয় নেতারা।

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে বলেন, বিরোধীদলীয় নেতা সংসদে বক্তব্য দিতে চাইলেও স্পিকার তাকে সেই সুযোগ দেননি। বরং বিষয়টি নিয়ে মশকরা করেছেন। স্পিকারের এমন আচরণকে তিনি অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিরোধী দলের মতামতকে গুরুত্ব না দিয়ে সরকার তড়িঘড়ি করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ সংসদে উত্থাপন ও পাস করেছে। এসব বিলে স্বাধীনভাবে তদন্তের ন্যূনতম সুযোগও রাখা হয়নি বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর সংসদীয় মুখপাত্র নজিবুর রহমান ‘সম্পত্তি হস্তান্তর বিল’কে কোরআন ও সুন্নাহবিরোধী বলে আখ্যায়িত করেন। তিনি আইনমন্ত্রীর সমালোচনা করে বলেন, ইসলামের বিষয়ে যথাযথ ধারণা না থাকায় সংসদে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

নজিবুর রহমান আরও বলেন, স্পিকারের প্রধান দায়িত্ব ছিল সংসদে ন্যায়বিচার ও নিরপেক্ষতা নিশ্চিত করা। কিন্তু তিনি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে সরকার মানবাধিকার ও গুম প্রতিরোধের আইনকে আরও শক্তিশালী করার পরিবর্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্বল করে পাস করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এই আইনকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে নজিবুর রহমান দাবি করেন, এর মাধ্যমে জনগণের মানবাধিকার হরণ করা হয়েছে এবং ভবিষ্যতে গুম ও হত্যার সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘ ১৭ বছরের নির্যাতনের কথা ভুলে গিয়ে সরকার আবারও পুরোনো কায়দায় দেশ পরিচালনা করছে বলেও মন্তব্য করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button