
সিলেট প্রতিনিধি:
রাষ্ট্রপতির আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে সাজছে পুরো নগরী। সফরকে সামনে রেখে সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট জেলা পরিষদের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রঙ করা ও সৌন্দর্যবর্ধনের কাজ।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে,নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে স্থানীয় নেতৃবৃন্দ রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে স্থাপন করেছেন বিলবোর্ড। গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা এসব বিলবোর্ডে রাষ্ট্রপতির সিলেট সফরকে স্বাগত জানিয়ে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়েছে।

জেলা পরিষদ ও সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পৃথকভাবে এ ধরনের প্রস্তুতি ও সাজসজ্জার কার্যক্রম চলছে বলে দেখা গেছে।
শনিবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে শহরকে পরিপাটি ও দৃষ্টিনন্দন করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মীরা ব্যস্ত সময় পার করছেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সড়কের আশপাশ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও চলছে সৌন্দর্যবর্ধনের কাজ।
রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি নগরীর এই সাজসজ্জা সাধারণ মানুষের মধ্যেও নতুন আগ্রহ তৈরি করেছে। সব মিলিয়ে রাষ্ট্রপতিকে বরণ করতে প্রস্তুত হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের নগরী সিলেট।
নগরজুড়ে এখন একটাই প্রস্তুতি—রাষ্ট্রপতির সফর যেন হয় পরিপাটি ও সুন্দর।
