জাতীয়

আ. লীগের সঙ্গে আঁতাত করে দেশ অশান্ত করতেই জামায়াতের লংমার্চ

অনলাইন নিউজ ডেস্ক

আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে জামায়াত দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াতের একের পর এক লংমার্চ কর্মসূচির ঘোষণাও ওই ষড়যন্ত্রের অংশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ জামায়াতের দিকে তাকিয়ে আছে—কীভাবে জামায়াত রাষ্ট্রকে অশান্ত করবে এবং সেই অশান্তির সুযোগ নিয়ে আওয়ামী লীগ দেশে ফিরে আসবে। তার দাবি, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরতে চান এবং জামায়াতও ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলন শুরু করতে চায়।

তিনি আরও বলেন, ‘স্বার্থের জন্য জামায়াত ভারতের সঙ্গে হাত মেলাতে পারে। আমার সেটিই মনে হচ্ছে। এই জামায়াত আওয়ামী লীগের সঙ্গে ইতোমধ্যে আঁতাত করেছে এবং আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশকে অশান্ত করার জন্য নানা ধরনের চক্রান্ত করছে।’

রাশেদ খাঁনের অভিযোগ, ওই চক্রান্তের অংশ হিসেবেই একটি লংমার্চ শেষ করে জামায়াত আরেকটি লংমার্চের কর্মসূচি হাতে নিয়েছে।

তিনি বলেন, ‘সারাদেশের মানুষকে বলব, আপনারা সতর্ক থাকুন এবং সোচ্চার থাকুন। জামায়াতের চরিত্র সম্পর্কে আপনারা জানেন। তারা স্বার্থের জন্য তাদের শত্রুর সঙ্গেও হাত মেলাতে পারে।’

পরে স্থানীয় শিশু-কিশোরদের সঙ্গে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা দেন রাশেদ খাঁন।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button