জাতীয়

‘ঘৃণা ও অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল’

অনলাইন নিউজ ডেস্ক

সমাজে ঘৃণা ও অসভ্য কথাবার্তাকে বিরোধী দল প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা নিয়েছে। কারণ এ ধরনের বক্তব্য অপরাধের পর্যায়ে পড়ে। অথচ বিরোধী দল ওই যুবককে ছেড়ে দেওয়ার কথা বলছে।

তার ভাষায়, ‘এতে করে তারা অন্যায় ও অবৈধ পন্থাকে উৎসাহ দিয়েছে। সমাজে ঘৃণা ও অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে, যা খুবই নিন্দনীয়।’

সরকারপ্রধান ও তার পরিবারের বিরুদ্ধে ওই যুবকের দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, এ ধরনের কথা কোনোভাবেই সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়।

বিরোধী দলের উদ্দেশে রিজভী বলেন, সংসদের ভেতরে ও বাইরে সরকারের সমালোচনা করার সুযোগ রয়েছে। সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া এবং বিভিন্ন বিষয়ে কথা বলার অধিকারও রয়েছে। কিন্তু এর পরিবর্তে ভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে।

তিনি বলেন, ‘দেশে গণতন্ত্রের যে কাঠামো, যে চারা গাছটি ওঠা শুরু করছিল, তা বিনষ্ট করার চক্রান্ত হচ্ছে।’

সরকারের ছয় মাসের কার্যক্রম নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবও দেন রিজভী। তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ছিল। তবে গত কয়েক মাসে তা প্রায় আড়াই গুণ বেড়েছে।

বিরোধী দলের ‘সরকার সবক্ষেত্রে ব্যর্থ’—এমন দাবির সঙ্গে বাস্তবতার মিল নেই বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button