রাজনীতি

পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না

অনলাইন নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আপনার বাবা যে ভুল করেছেন, সেই ভুল আপনি করতে যাবেন না। পতিত স্বৈরাচার ফিরে এলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না।’

শনিবার (৫ সেপ্টেম্বর) ছয় দফা দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ শেষে চট্টগ্রামের লালদীঘিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যাগুলো নিয়ে দেশে অরাজকতা তৈরি হচ্ছে। সরকার এসব সমস্যার সমাধান করতে না পারলে জনগণের কাছে তা স্বীকার করে নেওয়া উচিত। একই সঙ্গে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসে দেশ পরিচালনায় তাদের যুক্ত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ তারা তৈরি করছেন না, বরং সরকারই সেই সুযোগ তৈরি করছে। জনগণের সমস্যা সমাধান ও তাদের অধিকার নিশ্চিত করতে না পারায় মানুষ বিকল্প শক্তির সন্ধান করছে। ১১ দলীয় জোটের লংমার্চে সেই বিকল্প শক্তির উপস্থিতি জনগণ দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা যেমন পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তেমনি বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচারও তৈরি হতে দেব না।’ সংসদ কার্যকর না করার অভিযোগ তুলে তিনি বলেন, সংসদ কার্যকর না হওয়ায় আন্দোলন রাজপথে গড়িয়েছে।

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়নে পরিষদ গঠনের দাবি জানিয়ে তিনি অভিযোগ করেন, সরকার তা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে।

বিরোধী দলের সংসদ সদস্যদের যথাযথ দায়িত্ব পালনের সুযোগ না দেওয়ার অভিযোগও করেন এনসিপির আহ্বায়ক। তার দাবি, সংসদকে একদলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে এবং দেশে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম করা হয়েছে।

সংসদ কার্যকর করতে সংবিধান সভা গঠন, বিরোধী দলকে উপযুক্ত রাজনৈতিক স্পেস দেওয়া এবং সম্মিলিতভাবে দেশ পরিচালনার আহ্বান জানান নাহিদ ইসলাম।

সবশেষে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনার বাবা যে ভুল করেছেন, সেই ভুল আপনি করতে যাবেন না। পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button