সারাদেশ

বাংলাদেশের কুষ্ঠরোগীদের সহায়তায় কাজ করতে চায় জাপানের নিপ্পন ফাউন্ডেশন

ডেস্ক নিউজ :

জাপানের নিপ্পন ফাউন্ডেশনের সম্মানসূচক চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া বাংলাদেশে কুষ্ঠরোগীদের সহায়তায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে ইয়োহেই সাসাকাওয়া বলেন, নিপ্পন ফাউন্ডেশন ও বাংলাদেশের সম্পর্ক গভীর বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে, যার ইতিহাস অর্ধশতাব্দীরও বেশি সময়ের। বাংলাদেশের স্বাধীনতার সময় ১৯৭১ সালে বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি সহায়তা প্রদানের মধ্য দিয়ে নিপ্পন ফাউন্ডেশনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সূচনা হয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, এরপর থেকে নিপ্পন ফাউন্ডেশন বাংলাদেশের জনগণের পাশে থেকে বিভিন্ন উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায়ও তাদের কার্যক্রম বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।


ইয়োহেই সাসাকাওয়া আরও জানান, চার দশকেরও বেশি সময় ধরে তিনি ও তার প্রতিষ্ঠান কুষ্ঠরোগ নির্মূলে কাজ করছেন। এ কাজে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), বিভিন্ন সরকার, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিদের সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন। বাংলাদেশে কুষ্ঠরোগীদের সহায়তায়ও তারা কাজ করতে চান বলে জানান তিনি।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) জন্য জাপান ও নিপ্পন ফাউন্ডেশনের মানবিক সহায়তার প্রশংসা করেন।
তিনি রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে নিরাপদ, স্বেচ্ছামূলক, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান অর্জনে জাপানের প্রচেষ্টারও প্রশংসা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী এই মানবিক ও আঞ্চলিক সংকটের সমাধানে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button