

অনলাইন নিউজ ডেস্ক
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। একই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন অভিনেতা জয় চৌধুরী।
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ব্যালট বাক্স সিলগালা করে ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন। শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি শিবা শানু এবং সাধারণ সম্পাদক জয় চৌধুরী চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি শিল্পী সমিতিকে আরও কার্যকর ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয়ও জানান তারা।



