জাতীয়

আওয়ামী লীগ আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে আর নেই। দলটির বিরুদ্ধে তদন্ত চলছে এবং রাজনৈতিক দল হিসেবে তাদের বিচারের দাবি উঠেছে। তদন্ত শেষে আইন অনুযায়ী তাদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।

শনিবার (৪ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অনুশোচনা প্রকাশ করা হয়নি। তার দাবি, দলটি এখনো ওই ঘটনাগুলোর দায় স্বীকার করেনি; বরং আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে বক্তব্য দিচ্ছে এবং বিদেশে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

জুলাইয়ের চেতনা রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘চেতনা বিক্রি করে কেউ দীর্ঘদিন টিকে থাকতে পারে না। অতীত থেকেও এ বিষয়ে শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে।’

জুলাই আন্দোলনের সময়কার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সে সময় তিনি ও তারেক রহমান নির্বাসনে ছিলেন। তার ভাষ্য, সেখান থেকেই তারা সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের সংগঠিত রাখার চেষ্টা করেন এবং আন্দোলনের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখেন।

তিনি আরও দাবি করেন, ২৪ ঘণ্টা সমন্বয়ের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সক্রিয় রেখে আন্দোলনকারীদের সহায়তা করা হয়েছিল এবং অরাজনৈতিক পরিচয়ের আন্দোলনকে একটি নির্দিষ্ট পর্যায়ে এগিয়ে নিতে কাজ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button