বিনোদন

সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

অনলাইন নিউজ ডেস্ক

চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন)-এর মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে কবর থেকে মরদেহ উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সিলেট জেলা প্রশাসন।

গত ২২ জুন সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। আদেশ অনুযায়ী, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মরদেহ উত্তোলনের সময় ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। রোববার (৫ জুলাই) আদেশের অনুলিপি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছায় এবং তা নথিভুক্ত করা হয়।

এর আগে গত ২৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৭৬(২) ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্তের অনুমতি দেন। পরে ২৩ জুন মামলার বাদী মোহাম্মদ আলমগীর (কুমকুম) ওই আদেশ বাতিলের আবেদন করলেও আদালত আবেদনটি নথিভুক্ত করেন।

গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছিল। পরে আদালতের নির্দেশে সেটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পরের যোগসাজশে সালমান শাহকে হত্যা করেছেন। তবে অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনো হয়নি এবং বিচারিক প্রক্রিয়া চলমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button