

অনলাইন নিউজ ডেস্ক
বস্ত্রখাতের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ খাতের সংকট কাটিয়ে উঠতে সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল এ কথা জানান।
তিনি বলেন, বস্ত্রখাতের অধিকাংশ সমস্যা দীর্ঘদিনের এবং অতীতে কোনো সরকারই সেগুলোর স্থায়ী সমাধান করতে পারেনি। সরকারের কার্যকর উদ্যোগ ও নীতিগত পদক্ষেপ বাস্তবায়িত হলেও সমস্যাগুলোর সমাধানে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। তবে এ সময় সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন উদ্যোক্তারা।
শওকত আজিজ রাসেল আরও বলেন, সরকার আন্তরিকভাবে কাজ করলে দেশের বস্ত্রখাত আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস, বিদ্যুৎ এবং খাতটির আর্থিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, সরকার ইতোমধ্যে এ খাতের জন্য ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের উদ্যোগে বন্ধ হয়ে থাকা কারখানাগুলো পুনরায় চালু করা সম্ভব হলে দ্রুত প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। তবে এসব কারখানা টেকসইভাবে পরিচালনার জন্য আন্তর্জাতিক বাজারে ডাম্পিং বা অস্বাভাবিক কম দামে পণ্য বিক্রির বিষয়টি গুরুত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে।



