

অনলাইন নিউজ ডেস্ক
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। একই সময়ে আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭ জন। এর মধ্যে ১৩৩ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪১ জনে। পাশাপাশি নতুন করে ৯০৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ২০ হাজার ৩৫২ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৮ জন। তাঁদের মধ্যে ৯৯ হাজারের বেশি রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ তথ্য বলছে, গত ছয় মাসে হাম সংক্রমণের দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষ অবস্থানে রয়েছে। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত বাংলাদেশে হাম বা হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৭৪ জন, যা ওই সময়ে বিশ্বের সর্বোচ্চ।
জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তরে জমা হওয়া প্রাথমিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ওই ছয় মাসে বিশ্বের ১৬৫টি দেশে মোট ১ লাখ ৮৬ হাজার হাম বা হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশ সবচেয়ে বেশি হাম সংকটে রয়েছে।
ডব্লিউএইচওর তালিকায় বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, যেখানে একই সময়ে ২৬ হাজার ৬০৭ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তৃতীয় স্থানে থাকা যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে রোগীর সংখ্যা ১৪ হাজার ৫২১। শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে মেক্সিকো, পাকিস্তান, ক্যামেরুন, কাজাখস্তান, গুয়েতেমালা, অ্যাঙ্গোলা ও সুদান।
চলতি বছরের শুরুতে দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বাড়তে শুরু করে। এরপর থেকে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে নিয়মিত হামের তথ্য প্রকাশ করছে। এদিকে, দেশে হামের এই প্রাদুর্ভাবের জন্য টিকাদান কর্মসূচিতে অন্তর্বর্তী সরকারের অবহেলাকে দায়ী করেছে বর্তমান সরকার।



