

অনলাইন নিউজ ডেস্ক
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ অঞ্চলে হামে বা হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে।
সোমবার সকালে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। শিশুটি সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে নতুন করে ৭৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগে ৩৮০ জনের শরীরে হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ৭৭ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।



