আন্তর্জাতিক

সৌদিতে ব্যাপক ধরপাকড়, ১৫ হাজার প্রবাসী গ্রেপ্তার

অনলাইন নিউজ ডেস্ক

সৌদি আরবে আকামা (আবাসন), সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৫ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ থেকে ২৪ জুন পর্যন্ত যৌথ অভিযানে মোট ১৫ হাজার ২৩১ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বাসস্থান আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ৫৮৯ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ৪ হাজার ৪৪৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ১৯৯ জন রয়েছেন।

অভিযানে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে আরও ১ হাজার ৭৬৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে প্রায় অর্ধেক ইয়েমেনি, উল্লেখযোগ্য অংশ ইথিওপিয়ান এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় ৫৩ জন এবং অবৈধ অভিবাসীদের সহায়তা, আশ্রয় ও পরিবহন দেওয়ার অভিযোগে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে ইতোমধ্যে ১১ হাজারের বেশি অবৈধ বাসিন্দাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি কয়েক হাজার মানুষকে ভ্রমণ নথি সংগ্রহ ও টিকিট বুকিংয়ের জন্য সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হয়েছে।

বর্তমানে প্রায় ২৬ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, অবৈধ অভিবাসনে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সংশ্লিষ্ট যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button