আন্তর্জাতিক

উত্তপ্ত দিল্লি বাধা পেরিয়ে সংসদ ভবনের কাছে ককরোচ পার্টির সদস্যরা

অনলাইন নিউজ ডেস্ক

লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেও ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিযান ঠেকাতে পারেনি দিল্লি পুলিশ। পুলিশের বাধা অতিক্রম করে বিক্ষোভকারীদের একটি অংশ সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে যায়।

সোমবার (২০ জুলাই) দুপুরে বিক্ষোভকারীরা সংসদ ভবনের কাছে পৌঁছালে নিরাপত্তার কারণে সংসদের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এদিন থেকেই ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সিজেপির কর্মসূচি ঘিরে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল দিল্লি পুলিশ। সংসদমুখী মিছিল শ্রমশক্তি ভবনের কাছে পৌঁছালে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তবে এরপরও বিক্ষোভকারীদের একটি অংশ সংসদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে। পরে তাদের বাসে তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। সিজেপি নেতাদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ দমনমূলক আচরণ করেছে।

সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন উপলক্ষে সোমবার সকালে দিল্লির যন্তর মন্তরে জড়ো হন হাজারো শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্ট। তাদের লং মার্চ ঠেকাতে পুরো এলাকায় ব্যারিকেড বসিয়ে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করে দিল্লি পুলিশ।

বিক্ষোভকারীরা সেন্ট্রাল দিল্লির সমাবেশস্থল থেকে সংসদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। কয়েকটি স্থানে নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এতে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সোমবারের কর্মসূচিতে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন। তাদের বড় একটি অংশ ছিল শিক্ষার্থী ও তরুণ কর্মী।

এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, তারা পেশাদারভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। পাশাপাশি সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় গত মে মাসে ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে সিজেপি গঠন করেন। অল্প সময়ের মধ্যেই দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, শিল্পী ও নাগরিক সমাজের একটি অংশের সমর্থন পায়।

এর আগে শনিবার পুলিশ অনশনরত ৫৯ বছর বয়সী জলবায়ু ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে অসুস্থতার কারণ দেখিয়ে যন্তর মন্তর থেকে হাসপাতালে ভর্তি করে। সোমবারের কর্মসূচির আগে এ ঘটনাও আন্দোলনকারীদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button