

অনলাইন নিউজ ডেস্ক
ডেঙ্গুর প্রকোপ বাড়ার আগেই প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। একই সঙ্গে তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতার গুরুত্বের ওপর জোর দেন।
শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম জানান, ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে পরিচালিত জরিপে ২৮টি ওয়ার্ডকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় জনগণ ও সিটি করপোরেশনের দায়িত্ব সমান গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আগেভাগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানান তিনি।
নগর পরিচ্ছন্নতার প্রসঙ্গ তুলে প্রশাসক বলেন, রাতের দিকে শহরের অনেক এলাকায় আবর্জনা দেখা না গেলেও কিছু সময় পরই বিভিন্ন স্থানে আবার ময়লা জমতে দেখা যায়। এর জন্য নাগরিকদের অসচেতন আচরণও দায়ী। তিনি বলেন, মানুষ যদি সারাক্ষণ যত্রতত্র আবর্জনা ফেলতে থাকে, তবে সিটি করপোরেশনের পক্ষে তাৎক্ষণিকভাবে সব পরিষ্কার রাখা সম্ভব নয়।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।



