রাজনীতি

শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর সাকিবের বাড়িতে হামলার অভিযোগ

অনলাইন নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের পৈতৃক বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত বাড়িতে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

শ্রীলঙ্কা থেকে ফোনে ডয়চে ভেলেকে সাকিব আল হাসান বলেন, দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পরপরই তার বাড়িতে হামলা চালানো হয়। তার দাবি, বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে, এতে আগুন ধরে যায়। পাশাপাশি কয়েকটি ককটেলও নিক্ষেপ করা হয়েছে বলে তিনি ধারণা করছেন। তবে ঘটনার বিস্তারিত তখনও তার জানা ছিল না।

স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত বাড়ির দক্ষিণ পাশের লোহার গেট লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে। পুলিশ আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন গণমাধ্যমকে বলেন, নিক্ষিপ্ত বস্তুটি পেট্রোল বোমা ছিল কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা উদঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে এলাকায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে সাবেক সংসদ সদস্যদের বাড়িতে হামলার ঘটনা ঘটলেও সাকিব আল হাসানের বাড়িতে এ ধরনের অভিযোগ এবারই প্রথম প্রকাশ্যে এলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button