বিনোদন

একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ

মুক্তির আগেই বক্স অফিসে আলোচনার ঝড় তুলেছে দক্ষিণি সুপারস্টার যশ অভিনীত নতুন সিনেমা ‘টক্সিক’। আগামী মার্চে ছবিটি মুক্তির কথা থাকলেও এরই মধ্যে ব্যবসায়িক দিক থেকে একের পর এক রেকর্ড গড়ছে এটি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ছবিটির তেলুগু স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড ১২০ কোটি রুপিতে— যা তেলুগু সংস্করণের কোনো ছবির ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য। ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ শিরোনামের এই সিনেমার তেলুগু রাইটস কিনেছে প্রযোজক দিল রাজুর প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস।

ভারতীয় গণমাধ্যমকে দিল রাজু বলেন, ‘কেজিএফ চ্যাপটার টু’-এর পর যশের জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে। গত চার বছর ধরে দর্শকরা তাঁর নতুন ছবির অপেক্ষায় আছেন। ফলে ‘টক্সিক’ ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।

গত ৮ জানুয়ারি যশের জন্মদিনে ছবিটির টিজার প্রকাশ করা হয়। তবে টিজার প্রকাশের পর কিছু দৃশ্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, কয়েকটি দৃশ্য অশালীন। বিষয়টি কর্ণাটক রাজ্য নারী কমিশন পর্যন্ত গড়ায়। পরে কমিশন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) চিঠি দিয়ে বিষয়টি পর্যালোচনার অনুরোধ জানায়।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহনদাস সিনেমাটি পরিচালনা করেছেন। ছবিতে যশের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রুক্মিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার। চিত্রনাট্য লিখেছেন যশ ও গীতু মোহনদাস যৌথভাবে।

প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি সমৃদ্ধ। চিত্রগ্রহণ করেছেন জাতীয় পুরস্কারজয়ী রাজীব রবি, সংগীত পরিচালনায় আছেন ‘কেজিএফ’খ্যাত রবি বসরুর এবং সম্পাদনায় উজওয়াল কুলকার্নি। অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন হলিউডের পরিচিত অ্যাকশন ডিরেক্টর জে জে পেরি, যিনি ‘জন উইক’ সিরিজের জন্য সুপরিচিত।

ভেঙ্কট কে নারায়ণ ও যশ প্রযোজিত এই সিনেমাটি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। একই সময়ে ঈদুল ফিতর, উগাদি এবং গুড়ি পদওয়ার মতো বিভিন্ন উৎসব থাকায় বক্স অফিসে বড় সাফল্যের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button