

অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করতে চায় না এনসিপি। তাঁর ভাষায়, আওয়ামী লীগ ‘খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী’ দল। বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে এবং এ অধ্যায় শেষ হয়ে গেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ হলরুমে জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বিএনপির কর্মকাণ্ড নিয়ে এনসিপির আলোচনা-সমালোচনা থাকবে এবং প্রয়োজন হলে কঠোর সমালোচনাও করা হবে। চাঁদাবাজি, জমি দখল কিংবা মানুষের ওপর জুলুমের ঘটনা ঘটলে তা তুলে ধরা হবে। তবে এসব কারণে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করা হবে না।
তিনি বলেন, গত ছয় মাসে বিএনপির কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন। তাঁদের মতে, দলটি ধীরে ধীরে ‘লাইনচ্যুত’ হচ্ছে এবং ক্ষমতার অপব্যবহার করছে। প্রশাসনে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগও করেন তিনি।
সারজিস বলেন, বিএনপির এসব কর্মকাণ্ড ‘পুরোনো কায়দার রাজনীতি’। এ ধরনের রাজনীতি থেকে তাদের বেরিয়ে আসতে হবে। তা না হলে এনসিপির রাজপথের কর্মসূচি আরও শক্তিশালী হবে।
প্রশাসনের বিভিন্ন পদে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তিনি বলেন, ডিসি, এসপি, ওসি ও ইউএনওসহ প্রশাসনের কর্মকর্তাদের বিএনপি কার্যালয় থেকে নিজেদের মতো করে পরিচালনার চেষ্টা করা হলে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব হবে না।
তিনি আশা প্রকাশ করেন, বিএনপি তাদের পুরোনো অভ্যাস ও রাজনৈতিক মনস্তত্ত্ব থেকে বেরিয়ে আসবে। অন্যথায় ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে বলেও মন্তব্য করেন সারজিস। তাঁর দাবি, গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপির পক্ষে পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে।
এর আগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, সংগঠন গঠন ও নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক কৌশল গ্রহণ করবে এনসিপি। নিজেদের রাজনৈতিক অবস্থান থেকেই দলের ভবিষ্যৎ পথ নির্ধারণ করা হবে।
এনসিপির লক্ষ্য তুলে ধরে সারজিস বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, বাংলাদেশপন্থী রাজনীতি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের মর্যাদা নিশ্চিত করা দলের অন্যতম লক্ষ্য।
সভায় ভোলা জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাকসুদূর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন রনি, কাজী সালমান, রায়হানুল ইসলাম এবং বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনসহ অন্যরা।



