

রাজধানীতে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে এখন কাঁঠাল দিয়ে শিঙাড়া, সমুচা ও কাবাবের মতো বিভিন্ন খাদ্যপণ্য তৈরি হচ্ছে, যেগুলোর পুষ্টিমানও বেশ উচ্চ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধনের পর বিভিন্ন স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বিশ্বের কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কাঁঠাল নিয়ে মূল্য সংযোজিত খাদ্যপণ্য তৈরির আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, “কাঁঠাল দিয়ে তৈরি কাবাব ও বিভিন্ন সবজিভিত্তিক খাদ্যপণ্যের ফুড ভ্যালু অনেক বেশি। বিশ্বের বেশ কয়েকটি দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এসব পণ্য উৎপাদনের জন্য কাঁঠাল সংগ্রহের বিষয়ে।”
তিনি বলেন, দেশে ক্ষুদ্র উদ্যোক্তারা ফল প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন কার্যক্রমে ক্রমেই যুক্ত হচ্ছেন, যা কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করছে।
ফল রপ্তানির বিষয়ে মন্ত্রী জানান, ইতোমধ্যে বাংলাদেশ থেকে আম, আনারস ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। চলতি বছর কাঁঠাল রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া চীনের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তির প্রক্রিয়াও চলছে বলে জানান।
আগামী দিনে বাংলাদেশ ফল রপ্তানির ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ আমিন উর রশিদ।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে বরাদ্দ কমানো হয়েছে—এমন সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, কৃষি খাতে বরাদ্দ কমেনি, বরং আগের অর্থবছরের তুলনায় ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি প্রণোদনা ও উন্নয়ন বাজেটও রয়েছে। যারা বরাদ্দ কমেছে বলে দাবি করছেন, তারা হয়তো সঠিক হিসাব পর্যালোচনা করেননি।



