

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলা ফুলবাড়ি গ্রামে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে পৌর জাতীয় পার্টির সভাপতি, সম্পাদকসহ দুই শতাধিক নেতাকর্মী দলবদলের মাধ্যমে বিএনপিতে অন্তর্ভুক্ত হন।
এ সময় কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের মনোনীত প্রার্থী, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান। তিনি বলেন, সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করছেন, যা সাধু উদ্যোগ। সারিয়াকান্দি-সোনাতলা উপজেলায় ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে, এবং গণতন্ত্রপ্রেমী মানুষ আজ বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন—জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সহসভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খাজা, পৌর জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ফুলবাড়ি ইউনিয়ন সভাপতি তহসিন আলী মেম্বার, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি আবু হাসান বাবলা, রানা মিয়া এবং আরও দুই শতাধিক নেতাকর্মী।
অধ্যক্ষ মোকছেদুল আলম বলেন, “বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। বগুড়া মানেই বিএনপি। এখানে যত উন্নয়ন হয়েছে, সবই বিএনপির নেতৃত্বে হয়েছে। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বগুড়ার উন্নয়ন সম্ভব হয়েছে। আগামী দিনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বগুড়াসহ দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা উপজেলা ও পৌর কমিটির নেতাসহ বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেছি।”



