গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এলাকার প্রকৃত উন্নয়নের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই-সৈয়দা আদিবা হোসেন
সৈয়দা আদিবা হোসেন বলেন, দীর্ঘ ১৫–১৬ বছর পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি সকালেই সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের দল বিএনপিকে বিজয়ী করতে হবে।


সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষে নির্বাচনী মাঠে নেমেছেন সাবেক সংসদ সদস্য মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দা আদিবা হোসেন। ফয়সল আহমদ চৌধুরীর পর তিনি আনুষ্ঠানিকভাবে এমরান চৌধুরীর পক্ষে প্রচারণায় অংশ নিলেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মোকামবাজারে ধানের শীষের সমর্থনে আয়োজিত এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দা আদিবা হোসেন নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি ঐক্যবদ্ধভাবে এমরান আহমদ চৌধুরীর পক্ষে কাজ করার এবং তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
সৈয়দা আদিবা হোসেন নিজেও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলে প্রতীক বরাদ্দের পরপরই তিনি ও আসনের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এমরান চৌধুরীর প্রতি সমর্থন ঘোষণা করেন।
জনসভায় বক্তব্যকালে সৈয়দা আদিবা হোসেন বলেন, দীর্ঘ ১৫–১৬ বছর পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি সকালেই সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের দল বিএনপিকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এলাকার প্রকৃত উন্নয়নের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। ফাঁপা আশ্বাসে বিভ্রান্ত না হয়ে এমরান আহমদ চৌধুরীকে নির্বাচিত করলে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে।
ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টারের সভাপতিত্বে এবং বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই ও সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেনের যৌথ সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাসাসের কেন্দ্রীয় সভাপতি হেলাল খান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান জিলাল উদ্দিন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদসহ অনেকে।
এছাড়াও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ থেকে সাবেক তিনবারের এমপি প্রার্থী রফিকুল ইসলাম, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, যুগ্ম সম্পাদক এস.এ. রিপন, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সুহেল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন নবিল, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি এনু মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।



