

অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, শুধু সরকার বা নেতৃত্ব পরিবর্তন করলেই হবে না; রাষ্ট্রের কাঠামোগত সংস্কারও জরুরি। তাঁর দাবি, দেশের জনগণের একটি বড় অংশ এ ধরনের সংস্কারের পক্ষে মত দিয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেটের সামনে ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপির লক্ষ্য কেবল সরকার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কার। এ লক্ষ্যে পুলিশকে নির্দলীয় ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। পাশাপাশি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন এবং সংবিধান সংস্কারের বিষয়েও সরকারের সমালোচনা করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে। থানায় হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাকে তিনি সরকারের ব্যর্থতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
কর্মসংস্থান প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়নি। তাঁর অভিযোগ, কর্মসংস্থানের পরিবর্তে দেশে মাদক ও জুয়ার বিস্তার ঘটছে। তিনি সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে জনগণ আবারও আন্দোলনে নামতে পারে।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, আবু বকর মজুমদার, মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং জেলা সদস্য সচিব আব্দুল আলীম। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।



