খেলাধুলা

বাবার ‘প্রতারণায়’ নিঃস্ব হওয়ার পথে রাফিনিয়া

অনলাইন নিউজ ডেস্ক

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক প্রতারণার একটি চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলীয় সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই তারকা ফুটবলার।

প্রতিবেদন অনুযায়ী, পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই রাফিনিয়ার খেলোয়াড়ি স্বত্বের ৮০ শতাংশ গোপনে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন তাঁর বাবা। এর ফলে ক্লাব এবং অন্যান্য উৎস থেকে পাওয়া আয়ের বড় একটি অংশও তাঁর বাবার নিয়ন্ত্রণে চলে যায়। অভিযোগে বলা হয়েছে, পুরো বিষয়টি সম্পর্কে রাফিনিয়া দীর্ঘদিন কিছুই জানতেন না।

জানা গেছে, সম্প্রতি স্ত্রীকে নিয়ে একটি বিলাসবহুল বাড়ি কেনার পরিকল্পনা করেন রাফিনিয়া। এ সময় ব্যাংক হিসাব পর্যালোচনা করতে গিয়ে তিনি প্রত্যাশার তুলনায় অনেক কম অর্থ দেখতে পান। এরপর আর্থিক লেনদেন খতিয়ে দেখার পর কথিত এই অনিয়মের বিষয়টি সামনে আসে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ঘটনার পর রাফিনিয়া আইনি ও আর্থিক জটিলতার মুখোমুখি হয়েছেন। নিজের উপার্জনের বড় অংশ কোথায় গেছে, তা জানতে তিনি আইনজীবীদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাফিনিয়া কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। এছাড়া অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button