

অনলাইন নিউজ ডেস্ক
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে শেষ বাঁশি বাজতেই আর্জেন্টিনা শিবিরে নেমে আসে গভীর হতাশা। স্বপ্নভঙ্গের বেদনা বুকে নিয়েই নীরবে মাঠ ছেড়ে যান লিওনেল মেসিসহ দলের ফুটবলাররা।
তবে হতাশার মাঝেও ভবিষ্যতের আশা জাগিয়েছেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ। জন্মভূমি স্পেনের বিপক্ষে ফাইনালে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, একদিন বিশ্বকাপের ট্রফি আবারও আর্জেন্টিনায় ফিরিয়ে আনবেন।
ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলা নিকো পাজের জন্ম স্পেনের সান্তা ক্রুজ দে তেনেরিফেতে। তবে তার শিকড় আর্জেন্টিনায়। তার বাবা পাবলো পাজ ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে প্রতিনিধিত্ব করেছিলেন। সেই পারিবারিক ঐতিহ্যই নিকোর মধ্যে আর্জেন্টিনার প্রতি গভীর ভালোবাসা তৈরি করেছে।
ম্যাচ শেষে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নিকো লিখেছেন, “আজকের দিনে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গর্ব হচ্ছে এই দেশ ও এই দলের প্রতিনিধিত্ব করতে পেরে। আমি এমন একটি দলের অংশ, যারা এই জার্সির জন্য জীবন দিতে প্রস্তুত এবং প্রতিটি মুহূর্তে নিজেদের সর্বস্ব উজাড় করে দেয়। সবাইকে শুধু ধন্যবাদ জানাতে পারি।”
সমর্থকদের উদ্দেশে তিনি আরও লেখেন, “আমি কথা দিচ্ছি, এই বিশ্বকাপ ট্রফি আর্জেন্টিনায় ফিরিয়ে আনার জন্য আমার যা কিছু আছে, তার সবকিছু উজাড় করে দেব।”
পরাজয়ের কষ্ট থাকলেও প্রতিপক্ষ স্পেনকে অভিনন্দন জানাতে ভোলেননি তিনি। নিজের বার্তায় লিখেছেন, “স্পেন এবং সকল স্প্যানিশকে আন্তরিক অভিনন্দন।”
২০০৪ সালে স্পেনের সান্তা ক্রুজ দে তেনেরিফেতে জন্ম নেওয়া নিকো পাজ স্পেনেই বেড়ে উঠেছেন। স্প্যানিশ উচ্চারণে কথা বললেও ছোটবেলা থেকেই আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন লালন করেছেন। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “ছোটবেলা থেকেই বাবা আমার মধ্যে আর্জেন্টিনার ফুটবলের প্রতি ভালোবাসা গড়ে তুলেছিলেন। তিনি সবসময় আমার নাম লেখা আর্জেন্টিনার জার্সি কিনে দিতেন এবং দূরে থেকেও আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন।



