

অনলাইন নিউজ ডেস্ক
রাজধানীর বাড্ডা থানার এলাকায় ট্রাফিক পুলিশের তল্লাশিতে একটি প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে গাড়ির চালক পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কর্মরত পুলিশের সার্জেন্ট দেবু বড়ুয়া। তিনি জানান, সকাল ১০টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বেপরোয়া গতিতে চলাচলকারী একটি নিশান মডেলের প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-ঘ-১১-৫৩১৭) থামার সংকেত দেওয়া হয়। সংকেত পেয়ে গাড়িটি থামালেও চালক দ্রুত নেমে দৌড়ে পালিয়ে যান।
পরে গাড়িটির ডিকি তল্লাশি করে পাঁচটি সাদা বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুলে মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া গাঁজা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান সার্জেন্ট দেবু বড়ুয়া।



