বিনোদন

নায়ককে ছাড়াই শুটিংয়ে মিম

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এর আগে তারা একসঙ্গে গোলাম সোহরাব পরিচালিত থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘সাপলুডু’-তে কাজ করেছিলেন। চার বছর পর আবারও তারা জুটি বেঁধেছেন নতুন ছবি ‘মালিক’-এ, যার পরিচালক সাইফ চন্দন।

এই প্রথমবার সাইফ চন্দনের পরিচালনায় একসঙ্গে কাজ করছেন শুভ ও মিম। গত বছরের নভেম্বরে রাজশাহীর পবা এলাকায় ছবিটির শুটিং শুরু হয়। পরে নাটোরেও টানা শুটিং চলে। অ্যাকশনধর্মী গল্পের এই ছবিতে দুই তারকাকে একেবারে ভিন্ন রূপে দেখা যাবে। চরিত্রের প্রস্তুতির জন্য দুজনই বিশেষ ডায়েট ও ফিটনেস ট্রেনিং নিয়েছেন বলে জানা গেছে।

ছবির নাম চূড়ান্ত করা নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও পরিচালক সমিতি সূত্রে জানা গেছে, ‘মালিক’ নামেই এটি নিবন্ধিত হয়েছে। পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, রাজশাহীর অংশের শুটিং শেষ হয়েছে। বর্তমানে ঢাকার সাভারের একটি রিসোর্টে দ্বিতীয় ধাপের শুটিং চলছে।

এ মুহূর্তে শুটিংয়ে অংশ নিচ্ছেন শুধু মিম। আরিফিন শুভ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার অংশের দৃশ্য পরে ধারণ করা হবে। শুভ দেশে ফিরলেই বাকি শুটিং শেষ করা হবে বলে জানান নির্মাতা।

পরিচালক আরও বলেন, মূল দৃশ্যধারণের কাজ প্রায় শেষ। পাশাপাশি পোস্ট-প্রোডাকশনের কাজও চলছে। আসন্ন ঈদে সিনেমাটি মুক্তির লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ২০২২ সালের ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমার মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন মিম। একই পরিচালকের ‘দামাল’-এও তার অভিনয় প্রশংসিত হয়। পরে তিনি কাজ করেন ‘অন্তর্জাল’ সিনেমা ও ‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজে। এরপর নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও বিজ্ঞাপন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যস্ত ছিলেন তিনি।

এর মধ্যে ওয়াহিদ তারেক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’ ছবির শুটিং শুরু করেন মিম। এছাড়া শরিফুল রাজের সঙ্গে ‘জীবন অপেরা’ নামে একটি সরকারি অনুদানের সিনেমায় কাজের খবর রয়েছে। পাশাপাশি চরকি প্ল্যাটফর্মের একটি ওয়েব ফিল্মেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যার পরিচালক কাজী আসাদ।

সব মিলিয়ে ২০২৬ সাল নিয়ে আশাবাদী মিম। তার ভাষ্য, সিনেমা, ওয়েব ফিল্ম ও সিরিজ—সব মাধ্যমেই ভালো কিছু কাজ নিয়ে দর্শকের সামনে আসতে চান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button