

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার তদন্তের দাবিতে ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর রাজধানীতে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় টি-শার্ট পরা অবস্থায় লাঠি হাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে সামনে এগিয়ে যেতে দেখা যায়—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি নিয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ছুটির দিনে তিনি বাসায় অনানুষ্ঠানিক পোশাকে চুল কাটাচ্ছিলেন। আন্দোলনকারীরা যমুনা এলাকায় ঢুকে পড়েছে—এ খবর পেয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি ছাড়াই দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে পরিস্থিতি গুরুতর দেখতে পান বলে জানান তিনি।
হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সংঘর্ষ চলাকালে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিচার্জ করে। এতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী, গণমাধ্যমকর্মীসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের কয়েক দিন আগে সরকারপ্রধানের বাসভবনের সামনে এমন পরিস্থিতি তৈরি হলে ডিএমপি কমিশনার হিসেবে নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই।
তিনি আরও উল্লেখ করেন, গভীর রাতে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার সময় তীব্র যানজটের কারণে তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত পুলিশ পাঠানো সম্ভব হয়নি। পরে সেই ঘটনার দায় পুলিশের ওপর বর্তায় বলেও মন্তব্য করেন তিনি।



