রাজনীতি

সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা

অনলাইন নিউজ ডেস্ক

 

ব্রাহ্মণবাড়িয়া-2 আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে সদ্য বহিস্কৃত আলোচিত নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকারে যে দলই আসুক না কেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনকে গুরুত্ব দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে। তিনি অভিযোগ করেন, এ আসনটি দীর্ঘদিন ধরে অবহেলিত এবং সরাইল-আশুগঞ্জকে সবসময় সদরের দিকে তাকিয়ে থাকতে হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার বড্ডা পাড়ায় অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, সরাইল-আশুগঞ্জের অভিভাবক হতে হলে সৎ, সাহসী ও সত্যবাদী মানুষ হতে হবে—যিনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন। তিনি বলেন, এখানকার মানুষ গোলামি করে না; তারা প্রতিবাদ করতে ও লড়াই করতে জানে।

তিনি আরও বলেন, ‘এখন এমন প্রার্থীও আছে যারা রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে গেছে। ক্ষমতায় থাকার সময় তারা শেখ হাসিনার গুণগান গেয়েছে, এখনো সেই উন্নয়নের প্রশংসা করে। আফসোস লাগে, এত বড় দল হয়েও যোগ্য প্রার্থী খুঁজে পায় না। কিন্তু সরাইল-আশুগঞ্জের ভোটাররা কারও গোলাম নয়।’

এলাকার সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু গ্যাস নয়—রাস্তাঘাট, সেতু, নদীভাঙন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতসহ নানা দিক থেকেই সরাইল-আশুগঞ্জ অবহেলিত। তরুণদের জন্য খেলার মাঠ নেই, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, নার্স ও ওষুধের সংকট রয়েছে।

তিনি বলেন, জনগণের দোয়া ও আশীর্বাদে এমপি নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়ন, গ্যাস ও বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি হাসপাতাল ও সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান যেন সঠিকভাবে পরিচালিত হতে পারে, সেটিও তাঁর নির্বাচনী অগ্রাধিকার বলে জানান তিনি।

সমাবেশে তিনি ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের কেন্দ্র না ছাড়ার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button