

অনলাইন নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে দেশের রাজনৈতিক অঙ্গনে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, অতীতে জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত করার অভিযোগে সমালোচিত আওয়ামী লীগ এখন বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে জনগণ ও গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ অবস্থানের কারণে সেই চেষ্টা সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে বিরোধী দল ও মতের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, গুম ও হত্যার ঘটনা ঘটেছে। জনগণ আর সেই পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চায় না এবং অতীতের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার প্রত্যাবর্তনও মেনে নেবে না।
রিজভীর দাবি, দেশ বর্তমানে উন্নয়ন, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা ব্যাহত করতে যেকোনো ষড়যন্ত্র বা অশুভ তৎপরতার বিরুদ্ধে জনগণ ও গণতান্ত্রিক শক্তি সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবে।



