

অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে সমানভাবে রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যের সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের দুই বছর পরও বিভিন্ন ঘটনার বিচার দাবিতে রাজপথে নামতে হওয়া হতাশাজনক। তিনি পিলখানা, শাপলা, জুলাই আন্দোলন এবং ওসমান হাদী হত্যাসহ আলোচিত ঘটনাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হলে সরকারের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ার অভিযোগ তুলে সংশ্লিষ্টদের জবাবদিহির দাবি জানান তিনি।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দলটি অতীত কর্মকাণ্ডের কারণে জনগণের বিচারের মুখোমুখি হয়েছে। একইসঙ্গে তিনি সংস্কার, বিচার ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



