জৈন্তাপুরে সারী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়


হেলাল আহমদ: জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
সোমবার ১২ জানুয়ারি দুপুর আনুমানিক ৩টার দিকে জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কসংলগ্ন সারীঘাট দক্ষিণপাড় বেদে পল্লী এলাকার ভাঙনকবলিত স্থানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। অভিযানে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে একটি ট্রাকসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার বিষয়ে তাদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবেশ ও নদী রক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জৈন্তাপুর উপজেলা প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, সংশ্লিষ্ট এলাকায় নদীভাঙন রোধ ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।



