আইন ও বিচার

হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ১২ জানুয়ারি (২০২৬) দিন ধার্য করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার পর ট্রাইব্যুনাল-১ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এই আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার অগ্রগতি তুলে ধরে আরও দুই মাস সময় বাড়ানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

 

এর আগে, ১২ আগস্ট এ মামলার প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য ছিল। তবে তদন্ত শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল ফের সময় বাড়ালেন।

২০১৩ সালের ৫মে শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এই অভিযোগ করেন।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২১ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে চারজন বর্তমানে গ্রেফতার রয়েছেন এবং আজ ট্রাইব্যুনালে তাদের হাজির করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button