

অনলাইন নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি সংগঠন ছাড়ার বিষয়টি জানান।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন। দেখতে দেখতে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।’
এর আগে, গত ১ মে ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলের মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ওই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।
এরপর থেকেই ছাত্রশিবিরে দায়িত্ব পালনরত অবস্থায় তাঁর নির্বাচনে অংশ নেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। একই সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিএসসিসি নির্বাচনে দলের মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করে। ফলে দুই দলের সম্ভাব্য নির্বাচনী অবস্থান নিয়েও নানা আলোচনা তৈরি হয়।
এনসিপি এর আগে জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য তারা এককভাবে প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচনের আগে জোটগত কোনো সিদ্ধান্ত হলে সে অনুযায়ী পরবর্তী অবস্থান নির্ধারণ করা হতে পারে।
এদিকে সাদিক কায়েমের ছাত্রশিবির থেকে বিদায় নেওয়াকে তাঁর সম্ভাব্য মেয়র প্রার্থিতার প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ। তাঁদের মতে, ছাত্রসংগঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
তবে সাদিক কায়েমের চূড়ান্ত মনোনয়ন বা নির্বাচনসংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখনো নতুন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।



