জাতীয়

মাদক শুধু পরিবার নয় গোটা সমাজকে ধ্বংস করে দেয়: গণপূর্তমন্ত্রী

মাদক শুধু একজন ব্যক্তি বা একটি পরিবারকে নয়, গোটা সমাজকে ধ্বংস করে দেয় বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, মাদকের ভয়াবহতা থেকে কিশোর ও যুবসমাজকে রক্ষা করতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

মঙ্গলবার (১১ আগস্ট) কুমিল্লা টাউন হল মাঠে জেলা পুলিশ আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। শিগগিরই মাদকের বিরুদ্ধে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে প্রতিটি নির্বাচনী সভায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন—তিনি সংসদ সদস্য হন বা না হন, মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবেন। বর্তমানে সরকারের একজন মন্ত্রী হিসেবেও তিনি সেই অবস্থানে অটল রয়েছেন। মাদকের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও জানান তিনি।

জাকারিয়া তাহের বলেন, কুমিল্লার সঙ্গে সীমান্ত থাকায় মাদক কারবারিরা বিভিন্ন সীমান্তপথ ব্যবহার করে দেশে ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্য পাচার করছে। সীমান্তবর্তী গ্রামগুলোকে ব্যবহার করে পরিচালিত এসব অবৈধ কার্যক্রম বন্ধে সরকার ও প্রশাসন দৃঢ়ভাবে কাজ করছে।

তিনি স্পষ্ট করে বলেন, কুমিল্লাকে কোনোভাবেই মাদক পাচারের নিরাপদ পথ বা আশ্রয়স্থল হতে দেওয়া হবে না। মাদকের বিস্তার পুরোপুরি বন্ধ করতে হলে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

জেলা পুলিশ আয়োজিত মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালিতে সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ পিপিএম, জেলা প্রশাসক রোজী আকতার, সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button