প্রবাস

বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে মালদ্বীপকে অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঢাকা | বুধবার, ১ এপ্রিল ২০২৬

বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনার জন্য মালদ্বীপ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।
বৈঠকে বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। দুই দেশের সম্পর্ক নতুন সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে উল্লেখ করে উভয়পক্ষ বিদ্যমান অনাবিষ্কৃত সুযোগগুলো কাজে লাগানোর বিষয়েও আলোচনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি শ্রমশক্তি মালদ্বীপের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি মালদ্বীপে আরও দক্ষ ও আধা-দক্ষ জনশক্তির সুযোগ সৃষ্টিতে সহযোগিতা প্রত্যাশা করেন। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের পারস্পরিক আদান-প্রদান বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
বৈঠকে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে তাঁদের আগ্রহের কথা জানান। তিনি মালদ্বীপের আর্থ–সামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের অবদানকে ‘গুরুত্বপূর্ণ’ বলে প্রশংসা করেন।
রোহিঙ্গা সংকট মোকাবিলায় মালদ্বীপের অব্যাহত সমর্থনের জন্য প্রতিমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সার্ককে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকারের কথাও তুলে ধরেন। আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে উভয়পক্ষ একমত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button