

অনলাইন নিউজ ডেস্ক
বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তার ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) সংসদীয় আসনটি শূন্য হয়েছে। ফলে শিগগিরই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিভিন্ন সময়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসা হিরো আলমের এই সিদ্ধান্তকে ঘিরে নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
গণমাধ্যমকে হিরো আলম বলেন, এর আগে তিনি সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য হওয়ার বিষয়টি আগে জানলে তিনি সাতক্ষীরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিতেন না।
হিরো আলম বলেন, ‘আমার এলাকার মানুষজন বলছেন, আমি বগুড়ার ছেলে। তাই আমার উত্তরাঞ্চলেই থাকা উচিত। এই চিন্তা থেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও জানান, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই এই আসনে নির্বাচন করবেন।
তবে এখনো উপনির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাইসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ফলে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া শেষে হিরো আলমের প্রার্থিতা চূড়ান্ত হবে।



