

অনলাইন নিউজ ডেস্ক
নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য শিক্ষার সব খরচ সরকার বহন করবে। পাশাপাশি ভালো ফলাফল করা নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ শেষে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া সরকার পরিচালনার সময় নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করেছিলেন। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার নারীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর সব ব্যয় সরকার বহন করবে।
তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে ভবিষ্যতে দেশের নেতৃত্বে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে ভালো ফলাফল করা নারী শিক্ষার্থীদের সরকারি উপবৃত্তির আওতায় আনার কথাও জানান তিনি।
প্রাথমিক শিক্ষার্থীদের জন্যও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গ্রামগঞ্জের দরিদ্র পরিবারের শিশুদের প্রতিবছর স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর পাশাপাশি প্রায় এক কোটি ২০ লাখ শিশুর হাতে স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। নতুন বইয়ের পাশাপাশি প্রতিবছর তাদের স্কুল ব্যাগ ও পোশাক দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
নারীদের স্বাবলম্বী করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার পাশাপাশি দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার কাজ করছে। নির্বাচনের আগে ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশের চার কোটি পরিবারের মধ্যে যেসব নারী পরিবারের প্রধান ও সংসার পরিচালনা করেন, পর্যায়ক্রমে তাদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।



