

হেলাল আহমদ জৈন্তাপুর প্রতিনিধি:
পবিত্র শবেবরাতের তারিখ নির্ধারণে শাবান মাসের নতুন চাঁদ দেখার বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে সোমবার ১৯ জানুয়ারি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে সন্ধ্যায় এই সভা বসার কথা রয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে শাবান মাসের নতুন চাঁদ দেখা গেছে বলে গালফ নিউজসহ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আবহাওয়া অনুকূলে থাকায় দিনের আলোতেই চাঁদের ছবি ধারণ করতে সক্ষম হন জ্যোতির্বিজ্ঞানীরা, যার মাধ্যমে দেশটিতে রমজান মাসের দিন গণনার প্রক্রিয়া শুরু হয়েছে।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধীন আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি আবুধাবি থেকে শাবান মাসের চাঁদের ছবি ধারণ করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, দিনের আলোতে নতুন চাঁদ দেখা সাধারণত কঠিন হলেও পরিষ্কার আকাশ ও উন্নত ইমেজিং প্রযুক্তির কারণে এ ধরনের পর্যবেক্ষণ সম্ভব হয়েছে।
চাঁদ দেখা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দেশের সিদ্ধান্ত স্থানীয় পর্যবেক্ষণ ও সরকারি ঘোষণার ভিত্তিতে ভিন্ন হতে পারে। উদাহরণ হিসেবে, সৌদি আরবে নির্ধারিত দিনে শাবানের চাঁদ দেখা না যাওয়ার তথ্যও আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে।



