

অনলাইন নিউজ ডেস্ক
দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি গ্রহণযোগ্য ও নির্ভুল তথ্যভান্ডার গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সারাদেশে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশলবিষয়ক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির বর্তমান অগ্রগতি এবং দেশব্যাপী এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ধাপে ধাপে কর্মসূচিটি সারা দেশে বিস্তারের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
এছাড়া তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা, নির্ভুলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।



