

দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী পিয়া জান্নাতুল আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করে ব্যক্তিত্ব, বিশ্বাস ও ধর্মচর্চা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
পোস্টে পিয়া লিখেছেন, ‘আমার একাধিক পরিচয় আছে— আমি ফ্যাশন মডেল, আমি আইনজীবী। আমি আধুনিকভাবে চিন্তা করি, নিজের অবস্থান স্পষ্টভাবে প্রকাশ করি। একই সঙ্গে নিজের ধর্ম ও বিশ্বাসকে সম্মান করি— এটা আলাদা কিছু নয়, বরং আমার ব্যক্তিত্বেরই অংশ।’
শেয়ার করা ছবিটি দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিনের বলে উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘আজ দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিনের একটি ছবি শেয়ার করলাম। ইবাদত আমার কাছে শুধু অনুভূতির বিষয় নয়, এটি দায়িত্ব এবং চর্চা।’
সব মানুষ, ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানিয়ে পিয়া বলেন, ‘আমার বা অন্য কারও কোনো কাজ আপনার ভালো লাগতে পারে, নাও পারে— সেটি স্বাভাবিক। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। তবে সম্মানটা যেন সবসময় থাকে— সব মানুষের জন্য, সব ধর্মের জন্য এবং সবার বিশ্বাসের জন্য।’
পোস্টের শেষে তিনি সবাইকে রমজানের শুভেচ্ছা জানান।



