

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় অংশ নিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির জনসভা চলাকালে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ও বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্যরা তাদের উদ্ধার করে সমাবেশস্থলের জরুরি চিকিৎসাসেবা কেন্দ্রে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে অসুস্থ ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে বিএনপির স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, তারা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে সভাস্থলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। দলের চেয়ারম্যানকে এক নজর দেখতে ও তার বক্তব্য শুনতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। জনতার ঢল আলিয়া মাদ্রাসা মাঠ ছাড়িয়ে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়।



