জাতীয়

তৌহিদী জনতা’র বাধায় নৌকাবাইচ বন্ধ হবে না: বিয়ানীবাজার ইউএনও

অনলাইন নিউজ ডেস্ক

সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র আপত্তির মুখে সুনাই নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধ হওয়ার উপক্রম হলেও নির্ধারিত সময়েই এ আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আগামী ২৮ আগস্ট উপজেলার সুনাই নদীতে ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বার্ষিক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই আয়োজনে অতীতে কোনো বাধার মুখে পড়েননি আয়োজকরা।

তবে এবার ‘তৌহিদী জনতা’র ব্যানারে একটি গোষ্ঠী নৌকাবাইচ বাতিলের দাবি জানিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ ব্যানারে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে নৌকাবাইচ প্রতিযোগিতা বাতিলের দাবি জানানো হয়।

এদিকে, কোনো পক্ষের বাধায় সুনাই নদীর নৌকাবাইচ বন্ধ হবে না বলে জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার।

তিনি বলেন, ‘নৌকাবাইচ গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা। এটি তৌহিদী জনতা বা কারও বাধার কারণে থেমে থাকবে না। স্থানীয়দের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘নৌকাবাইচ আয়োজক কমিটি কিংবা যারা বাধা দিচ্ছেন—কেউই আমাদের বিষয়টি জানায়নি।’

নৌকাবাইচ আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘নৌকাবাইচ যথাসময়েই হবে। আমরা প্রশাসনের সঙ্গে বৈঠক করে সেই প্রস্তুতিই নিচ্ছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button