

অনলাইন নিউজ ডেস্ক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন ধরে বজ্রসহ ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার ও বৃহস্পতিবারও দেশের বিভিন্ন বিভাগে একই ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা বেশি থাকবে।
শুক্রবার ও শনিবারও দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা তুলনামূলক স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



