বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দুই দলের সম্পর্কের নতুন অধ্যায়, রাজনৈতিক সহযোগিতা জোরদারে এমওইউ

ডেস্ক নিউজ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই রাজনৈতিক দলের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা স্মারক।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাইয়ে (Diaoyutai State Guesthouse) এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিএনপির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির। অপরদিকে চীনের কমিউনিস্ট পার্টির পক্ষে স্বাক্ষর করেন দলটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং (Liu Haixing)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে পারস্পরিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন বিষয়ে যোগাযোগ আরও জোরদার হবে।
উল্লেখ্য, বিএনপি ও সিপিসির মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা স্মারক, যা দুই দলের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।


