

অনলাইন নিউজ ডেস্ক
কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। এ বিষয়ে সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তিনি সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করবেন।
শুক্রবার (২৬ জুন) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মনিরুল হক চৌধুরী বলেন, “মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস হবে না। সরকার যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে আমি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব।”
তিনি অভিযোগ করে বলেন, জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করতে পারলেও গোলাবাড়ি এলাকায় একই ধরনের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাঁর প্রশ্ন, “জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?” তিনি বলেন, কাউকে অখুশি হওয়ার আশঙ্কায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তা গ্রহণযোগ্য হবে না।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গোলাবাড়ির মূল অপরাধীদের তালিকা করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে তিনি নিজেই বিষয়টি দেখবেন বলেও মন্তব্য করেন।
এমপি আরও জানান, প্রয়োজন হলে গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ কর্মসূচি পালন করবেন।
জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইউমুল হক রিংকুর উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, হত্যা ও মাদক মামলার আসামিরা কীভাবে জামিন পাচ্ছেন। এ ধরনের মামলায় আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিজিবি, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



