

অনলাইন নিউজ ডেস্ক
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় আশুরার তাজিয়া মিছিল চলাকালে এক যুবককে ধাওয়া করে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নিহত যুবক তাজিয়া মিছিলে অংশ নিয়েছিলেন। এ সময় কয়েকজন তাকে ধাওয়া করে নির্মাণাধীন ভবনের নিচে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ঘটনার পেছনের কারণ এবং হামলাকারীদের পরিচয় উদ্ঘাটনে তদন্ত চলছে।



