

অনলাইন নিউজ ডেস্ক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীন ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। দেশ দুটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তা আরও সম্প্রসারণের আশ্বাস দিয়েছে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া এবং বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আগের তুলনায় আরও দৃঢ় হয়েছে। তিনি জানান, অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি দুই দেশ ভবিষ্যতে সহযোগিতার পরিধি আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে।
মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা মোকাবিলায়ও চীন ও মালয়েশিয়া সহযোগিতা করবে। বিশেষ করে রোহিঙ্গা সংকটের সমাধানে চীন ইতিবাচক ভূমিকা পালনের আগ্রহ দেখিয়েছে এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
এদিন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর উপলক্ষে একটি ধন্যবাদ প্রস্তাবও উপস্থাপন করেন স্থানীয় সরকারমন্ত্রী।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।



