জাতীয় উন্নয়নে আমরাও অংশীদার। ইমাম-মুআজ্জিন সার্ভিস রুলস আমাদের ন্যায্য অধিকার- শাহ নজরুল ইসলাম


টেকসই উন্নয়ন নিশ্চিতে নৈতিকতার অপরিহার্যতা’ শীর্ষক ইমাম সম্মেলন থেকে ইমাম-মুআজ্জিনদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিতের দাবি জানাল বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তারা জাতীয় উন্নয়নে ইমাম সমাজের অংশীদারিত্ব তুলে ধরে তাঁদের জীবনমান উন্নয়নের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন।
উপজেলা সভাপতি হাফিজ মাওলানা লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় মহাসচিব মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা জানান, ইমাম-মুআজ্জিন সার্ভিস রুলস তাদের ন্যায্য অধিকার। একইসঙ্গে দেশের সকল মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করার জোর দাবিও জানানো হয়।
সম্মেলনের যৌথ পরিচালনায় ছিলেন মাওলানা এমদাদুল হক ও হাফিজ মুফতি আব্দুর রহমান রাহমানী। বক্তারা দেশের টেকসই উন্নয়নের জন্য নৈতিকতা ও ধর্মীয় নেতৃত্বের অপরিহার্যতা তুলে ধরেন।



