সারাদেশ

বিএনপির দলীয় কার্যালয়ে আগুন, পাল্টাপাল্টি অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

জানা গেছে, উপজেলার নাটঘর ইউনিয়নের একুইছড়া বাজার এলাকায় আগুনে বিএনপির কার্যালয়সহ চারটি দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

ঘটনার পর স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারী জেলা বিএনপির এক প্রভাবশালী নেতা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। তবে অভিযুক্ত নেতা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা বলেন, দল মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানের প্রচারণার সময় রোববার রাত সাড়ে ৮টার দিকে তাকে ফোনে হুমকি দেওয়া হয়। তার অভিযোগ, সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির অর্থ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারী জেলা বিএনপির সদস্য হজরত আলী ফোনে হুমকি দেন। এরপর রাতেই কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সদস্য হজরত আলী বলেন, এ অভিযোগ মিথ্যা ও হাস্যকর। তার দাবি, স্বতন্ত্র প্রার্থীর জনপ্রিয়তায় ভীত হয়ে প্রতিপক্ষ নিজেরাই আগুন দিয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

সোমবার (২ জানুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, স্থানীয় নেতারাও এ ঘটনার জন্য হজরত আলীকে দায়ী করছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

নবীনগরের ইউএনও মাহমুদুল হাসান বলেন, ঘটনা জানার পর জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে এবং পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, আগুন লাগার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিএনপি কার্যালয়ের পাশাপাশি কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button