

অনলাইন নিউজ ডেস্ক
দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে তিনি এই কর্মসূচির উদ্বোধন করবেন।
রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষার্থীকে প্রতিবছর অন্তত একটি করে গাছ রোপণে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কর্মসূচির অংশ হিসেবে আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এ বছর কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণ করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানে জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৫ হাজার টাকা করে অনুদানও প্রদান করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে প্রদর্শিত হবে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেবেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হবেন।
একই অনুষ্ঠানে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ শীর্ষক জাতীয় প্রদর্শনীর স্টল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী এবং সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


